লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ৫৩ জন মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবি করে তালিকা প্রকাশ করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক দাবি করেন, বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার সহযোগিতায় এই ৫৩ জন মুক্তিযোদ্ধা নিজেদের নাম অর্ন্তভূক্ত করে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন। এরা কেউই প্রকৃত মুক্তিযোদ্ধা নন।
এসময় দুই মাসের মধ্যে এসব ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন মুক্তিযোদ্ধারা।
সংবাদ সম্মেলন শেষে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা এসব ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
ঢাকা,২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





