ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশু নিহত হয়েছেন।

আজ সোমবার (১ মে) চম্পকনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. রেজুয়ান আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় ওই ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাটের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার হয়। নিহত শিশুরা হলেন, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে সামির (৮) ও উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাট গ্রামের এনাম খার ছেলে আরাফাত (৯)।

৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. রেজুয়ান আহম্মেদ বলেন, রোববার বিকেল থেকে সামির ও আরাফাত নিখোঁজ ছিল। পরে অনেক খুঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মেলেনি।

তিনি আরও বলেন, সোমবার সকালে থানায় জিডি করে ফেরার পর শুনতে পেয়েছি পুকুরে একটি লাশ ভেসে উঠছে। পরে একই পুকুরে অপর শিশুর মরদেহও খোঁজ মেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, সোমবার সকালে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।

এবিএস