নাটোরে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা ও নাটোর চিনিকল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন চাঁদাবাজির ও হুমকি-ধামকির হাত থেকে বাঁচতে আওয়ামী লীগে যোগ দেয়ার পরেও শেষ রক্ষা হলো না।

স্থানীয়রা জানায়, নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রওশন আলীর ছেলে মেরাজ উদ্দিন জন্মলগ্ন থেকেই বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে নাটোর চিনিকলের সিবিএ সংগঠনের সক্রিয় রয়েছেন।

মেরাজ জানান, এলাকায় তার প্রভাব থাকায় বিভিন্ন সময় যুবলীগের কর্মী রফিক ও রতন তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দেয়ায় তারা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

এসব থেকে বাঁচার জন্য গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ অফিসে গিয়ে স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুলের হাতে ফুল দিয়ে শ্রমিক দল থেকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।

এরপরেও তার কাছে চাঁদা চাওয়া বন্ধ হয়নি। সোমবার দুপুর ১টার দিকে চিনিকল মোড়ে তার মোটরসাইকেলটি রেখে তিনি একটি চায়ের দোকানে চা খেতে বসেন।

এসময় হঠাৎ করেই রফিক ও রতনসহ ছয় থেকে সাতজন একটি অটো রিকশা করে এসে তার গাড়ির সামনে নেমে তাদের হতে থাকা হাতুড়ি দিয়ে তার মোটরসাইকেলটি ভাংচুর করে গালিগালাজ করতে থাকে।

অবস্থা দেখে মেরাজ উদ্দিন চায়ের দোকান থেকে আত্মরক্ষার জন্য পালিয়ে যান। পরে তিনি বিষয়টি মোবাইল ফোনে সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুলকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

এ ব্যাপারে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সাথে যোগাযোগ করা হলে তার পিএস এস এম আকরামুল ইসলাম জানান, মেরাজের গাড়ি ভাংচুরের বিষয়টি জানার পরপরই সংসদ সদস্য নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রæত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।    

এসএইচ