এবার বগুড়া শহরের অভিজাত জলেশ্বরীতলা এলাকার সড়ক এবং ফুটপাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেববী সংগঠন ‘বিডি ক্লিন-বগুড়া’। শুক্রবার সকালে ওই সংগঠনের ৩২জন সদস্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে থেকে জলেশ্বরীতলা কালিমন্দির এলাকায় ঝাড়ু দিয়েছেন এবং সড়ক এবং ফুটপাতে পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে তা তুলে নিয়ে গেছেন।
এবারের পরিচ্ছন্নতা অভিযানে অনেকের সঙ্গে বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রকৌশলী সরিফুল মাসুদও অংশ নিয়েছেন।
আয়োজক সংগঠনের অন্যতম মুখপাত্র আকবর আহমেদ জানান, মুক্তিযোদ্ধা সরিফুল মাসুদ একাত্তরে যেভাবে অস্ত্র দিয়ে পাক বাহিনীকে ঝেঁটিয়ে বিদায় করেছেন তেমনি এবার তিনি ঝাড়ু হাতে ময়লা পরিষ্কারে নেমেছেন। তাঁকে পেয়ে বিডি ক্লিন-বগুড়ার সদস্যরা দারুণ উৎসাহিত। মুক্তিযোদ্ধা সরিফুল মাসুদ অনলাইন পত্রিকা ‘পুণ্ড্রকথা ডট কম ডট বিডি’র উদ্যোক্তা পরিষদের সভাপতি।
গত ২৯ জুন বগুড়া শহরে প্রথম পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে বিডি ক্লিন-বগুড়া। ওইদিন সকাল ৯টায় শহরের কেন্দ্রস্থল সাতমাথা থেকে অভিযান শুরু হয় এবং বেলা ১১টায় দুই নম্বর রেল গেটে গিয়ে শেষ হয়। অভিযান শেষে সংগঠনের পক্ষ থেকে প্রতি শুক্রবার তাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর কথা বলা হয়। শুধু সড়ক আর ফুটপাতই নয় স্কুল-কলেজ, খেলার মাঠেও তারা পরিচ্ছন্নতা অভিযান চালাবেন। পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে গণসংযোগ এবং সচেতনতামূলক কার্যক্রমও তারা চালিয়ে যাবেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ জুলাই শুক্রবার সকালে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন বিডি ক্লিন-বগুড়ার স্বেচ্ছাসেবীরা। কথা ছিল জলেশ্বরীতলা কালিবাড়ি মোড় থেকে ইয়াকুবিয়া স্কুল পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালানোর। কিন্তু এবার স্বেচ্ছাসেবীর সংখ্যা বেশি হওয়ায় জজ কোটের সামনের সড়কে ঘোড়ার মোড় থেকে ইয়াকুবিয়া স্কুল পর্যন্ত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী সকাল ৯টায় ঘোড়ার মোড় থেকে সবাই কাজে নেমে পড়েন। এ সময় একটি গ্রুপ আলতাফুন্নে খেলার মাঠ হয়ে ইয়াকুবিয়া স্কুলের দিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে থেকে কালিমাড়ি মোড় পর্যন্ত পরিচ্ছন্নতা চালিয়ে অভিযান শেষ করতে হয়।
এস আই মিরাজ/এসএম





