ঢাকার সাভারে ছাগলবাহী ট্রাক মহাসড়কের পাশের পুকুরে পড়ে ব্যাপারীসহ দুই জন নিহত হয়েছেন। এছাড়াও ট্রাকে থাকা দেড় শতাধিক ছাগল পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জনের লাশ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মরে যাওয়া ছাগলগুলো।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে জয়পুরহাট থেকে ছাগলবোঝাই ট্রাকটি রাজধানীর গাবতলীর উদ্দেশে রওনা দেয়। পরে ভোরের দিকে ট্রাকটি সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ট্রাকের হেলপার ও এক ছাগলের বেপারীর লাশ উদ্ধার করে। এসময় ট্রাকের চালককে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে দুর্ঘটনাকবলিত ট্রাক ও এতে থাকা প্রায় দেড় শতাধিক ছাগল মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলেও জানায় ফায়ার সার্ভিস।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এমবি