মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় শনিবার কয়েক দফায় হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনার পরে শনিবার রাত থেকে প্রতিপক্ষে হামলা ও পুলিশের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ও হাজরাপুর গ্রাম।

এলাকাবাসীর অভিযোগ, দুই গ্রামের পুরুষ-মহিলাসহ কমপক্ষে ৫০ জনকে পুলিশ আটক করে সদর থানায় নিয়ে গেছে। এ ছাড়াও প্রতিপক্ষের হামলার ভয়েও সাধারণ মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়িতে। এলাকায় বিরাজ করছে আতঙ্ক। অরক্ষিত হয়ে পড়ছে বসতবাড়ি। বাড়ি ঘরের মূল্যবান জিনিসপত্র চুরির আশঙ্কা করছেন স্থানীয়রা।

মোক্তার মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দা জানান, আমরা হামলা ও গ্রেফতারের ভয়ে বাড়ি ফিরতে পারছি না। আমরা যারা নিরীহ মানুষ তাদেরও পুলিশ হয়রানি করছে।

মাদারীপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়াউর মোর্শেদ জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের ভেতরে হয়তো অপরাধ বোধ কাজ করছে। এ জন্য তারা ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। তবে হয়রানি হচ্ছে না বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, শনিবার কয়েক দফা হামলায় কমপক্ষে ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও বাড়ি ঘরে লুটপাট করা হয়েছে।

কেএইচ