উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ শুরু হয়েছে সোমবার থেকে। প্রাথমিকভাবে ঢাকার উত্তরা ও রমনা থানায় এবং কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়াতে সোমবার স্মার্টকার্ড বিতরণ করা হয়।

স্মার্টকার্ড বিতরণের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ঢাকার দুই সিটি কর্পোরেশনের নাগরিকদের মাঝে তাদের কার্ড দেয়া হবে।

আজ মঙ্গলবার রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি এলাকার নাগরিকরা তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেন। উত্তরা ১নং ওয়ার্ডের উত্তরা সেক্টর ১০, রানাভোলা (ডিসিসি অংশ) এর সকল নাগরিকরা এই কেন্দ্র থেকে আজ তাদের স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন।

এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের রমনা থানা এবং ১৯ নং ওয়ার্ডের ইস্কাটন গার্ডেন এলাকার নাগরিকরা সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল ও কলেজ কেন্দ্র থেকে তাদের কার্ড সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, গত আট বছর ধরে নাগরিকদের ব্যবহৃত সাদা কাগজের জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে চালু করা হয় এই স্মার্টকার্ড। গত রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় দলের ক্রিকেটাররা কার্ড হাতে পাওয়ার পর এই কার্ড নাগরিকদের মাঝে দেয়া শুরু হয়। সোমবার আনুষ্ঠানিকভাবে নাগরিকদের মধ্যে বহু প্রতিক্ষিত স্মার্টকার্ড বিতরণের কাজ শুরু হয়।


এমএনজে