রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) সহকারী পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা তাবেরি মণ্ডলকে (৩৪) খুন করেছে দুর্বৃত্তরা। তাকে হত্যার পর ঘরে আগুন ধরিয়ে দেয় হত্যাকারীরা। এসময় শীতাংশু শেখর বিশ্বাস এবং তার দুই মেয়েও আহত হন।

শীতাংশু শেখরের ইকবাল রোডের নিজ বাসায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মহাখালী মেট্রোপলিট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

একটি সূত্রে জানা গেছে, শিতাংশু শেখর বিশ্বাসের সঙ্গে খান জহিরুল নামে এক ব্যবসায়ীর পূর্ব পরিচয় ছিলো। সোমবার সন্ধ্যায় ফল ও জুস নিয়ে শিতাংশুর মোহাম্মদপুরের বাসায় যায় জহিরুল হক। ফল এবং জুস খাওয়ার পর বাসার সবাই অচেতন হয়ে পড়েন। এরপর জহিরুল হক তাদের হাত বেধে সবাইকে পেটান।

মারধরের পর তিনি ঘরের ভেতর আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পরবর্তীতে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিতাংশু শেখরের স্ত্রীকে সোমবার রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

সূত্রটি আরো জানায়, খান জহিরুল হকের শেয়ার ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। শিতাংশু শেখরের সঙ্গে তার অনেক দিনের পরিচয়। জহিরুল হক রাজধানীর গুলশানের ১৫ নম্বর সড়কের ৭ নম্বর বাসার বি-২ ফ্ল্যাটে থাকেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ধারণা করা হচ্ছে ব্যবসায়ীক কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিলো। এজন্যই এ হত্যাকা- ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

এবিষয়ে বিআরটিএর সচিব মো. শওকত আলী জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের গ্রেফতারের জন্য গুলশান থানা ও মহানগর গোয়েন্দ পুলিশকে (ডিবি) ঘটনাটি জানিয়েছেন।

এদিকে হত্যার তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম।

তিনি জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

এমকে