যমুনা নদীর উপর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’ প্রকল্পের ব্যয় প্রায় তিন হাজার ২১৬ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত ক্রমিটি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে সাংবাদিকদের বলেন, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের প্রকল্পটি ২০১৬ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দেয়।
‘তখন এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল নয় হাজার ৭৩৪ কোটি সাত লাখ টাকা। এ ব্যয় এখন তিন হাজার ২১৫ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার ৩৬৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৫০ কোটি ছয় লাখ ৮৩ হাজার ৩৬৭ টাকা।’
অর্থমন্ত্রী আরো বলেন, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণে ব্যয় বাড়ানোর বিষয়টি শর্ত দিয়ে অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পটি আবার একনেকে যাবে এবং পুনরায় ডিপিপি করতে হবে।
ব্যয় বাড়ার কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, কাজের পরিমাণ বেড়েছে ও জিনিসপত্রের দাম বেড়েছে। ব্যয় বাড়ার পুরো অর্থ জাইকা দেবে বলেও জানান তিনি।
এমআর





