নিজ নিজ ক্ষেত্রে মূল্যবান অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের ১১ বিশিষ্ট নাগরিককে একুশে স্মারক সম্মাননা পদক এবং ৫ জনকে একুশে সাহিত্য পুরস্কার দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শনিবার নগরীর মুসলিম ইনস্টিটিউট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে গুণীজনদের হাতে এ পদক ও পুরস্কার তুলে দেন সিটি মেয়র এম মনজুর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।
পদকপ্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ও এলকে সিদ্দিকী (মরণোত্তর), সাংবাদিকতায় অবদানের জন্য দৈনিক আজাদী’র প্রাক্তন সহ-সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য আবদুল জব্বার সওদাগর (মরণোত্তর), শিল্প ও বাণিজ্যে অবদানের জন্য কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, সমাজ সেবায় অবদানের জন্য জানে আলম দোভাষ (মরণোত্তর), শাহজাদা ফউজুল আলী খান (মরণোত্তর) ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, শিক্ষায় অবদানের জন্য ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দর খান, আইন পেশায় অবদানের জন্য অ্যাডভোকেট মোহাম্মদ কবির চৌধুরী এবং সংস্কৃতি অঙ্গনে অবদানের জন্য মলয় ঘোষ দস্তিদার। এছাড়া সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য কবি ময়ুখ চৌধুরী, প্রবন্ধ ও গবেষণায় ড. মনিরুজ্জামান, কথা সাহিত্যে বিশ্বজিত্ চৌধুরী, বিশ্বসাহিত্যে সিদ্দিক আহমেদ এবং শিশু সাহিত্যে ইকবাল বাবুলকে একুশে সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।
জেআই





