প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। প্রাণহানির সংখ্যা এখন ৯ হাজার ছুঁই ছুঁই। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজার মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

বাংলাদেশে ১ জনের মৃত্যু, ১৪ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এছাড়া করোনা সন্দেহে এখন পর্যন্ত আইসোলেশনে রাখা হয়েছে ১৬ জনকে। আর সরকারিভাবে বিভিন্ন হাসপাতালে ৪২ জনসহ সারাদেশে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কয়েক হাজার লোককে।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার প্রথম এক ব্যক্তি মারা গেছেন। করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার বয়স ৭০ বছর। বর্তমান পরিস্থিতিতে দেশে সব ধরনের ভিড়, সমাগম এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে আইইডিসিআর।

করোনার সংক্রমণ রোধে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে শক্ত পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। প্রায় ১০ হাজার বন্দি রয়েছে এখানে।

কারা সূত্র জানায়, সম্প্রতি ইতালিফেরত একজন চেক জালিয়াতি মামলায় কারাগারে আসেন। তার সঙ্গে একসঙ্গে কারাগারে আসে আরও ৩৭ বন্দি। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে ওই বন্দির দুইবার কোভিড-১৯ টেস্ট করোনা হলে ফলাফল ‘নেগেটিভ’ আসে। তবে কয়েদিদের মধ্যে যেন প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে না পড়ে, সেজন্য এই পদক্ষেপ নিয়েছে কারা কর্তৃপক্ষ।

আগে একজন বন্দি ১৫ দিনে একবার তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারতেন। তবে সমাগম এড়াতে বর্তমানে মাসে একবার বন্দিদের এই সুযোগ দেয়া হচ্ছে।

সূত্র জানায়, যারা কারাগারে আসছেন তাদেরকে প্রথম রাতে আলাদা রাখা হচ্ছে। পরদিন তার স্বাস্থ্য পরীক্ষা করে স্বাভাবিক থাকলে সেল বরাদ্দ করা হচ্ছে। এছাড়া যেকোনো জ্বর হলেই তাদের কারাগারের ভেতরের হাসপাতালের চতুর্থ তলায় পৃথকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, ‘কারাগারে সব বন্দিদের বারবার হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে ভেতরের সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে। আপাতত এখানে করোনা আক্রান্ত কিংবা করোনার লক্ষণ পাওয়া কোনো রোগী নেই।’

তিনি বলেন, আমাদের উদ্যোগের সঙ্গে বন্দিরাও খুব সহযোগিতা করছেন। ইতোমধ্যে অধিকাংশ বন্দি নিজে থেকেই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এদিকে ১০ হাজার কারাবন্দিকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আল খোমেনি। ইরানিয়ান নববর্ষ উপলক্ষে শুক্রবার (২০ মার্চ) তাদের মুক্তি দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এ তথ্য জানান।


এএস