চট্টগ্রাম নগরীর খুলশি থানার ঢেবারপাড় এলাকায় যুবলীগের দু'গ্রুপের সংঘর্ষে মো. আরিফ (২৬) নামে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আরিফ ঢোবারপাড় কুসুমবাগ আবাসিক এলাকার আব্দুল জলিলের ছেলে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। এতে গুলিবিদ্ধ আরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলশি থানার এস আই সুমন কুমার দে জানান, ঢোবারপাড় এলাকায় প্রতিপক্ষ কামাল গ্রুপের কয়েকজন সন্ত্রাসী আরিফকে একা পেয়ে গুলি ছুঁড়ে। এতে বাহুতে গুলিবিদ্ধ হন আরিফ।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, দু’পক্ষে গোলাগুলি হচ্ছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু পরে জানতে পারি, গোলাগুলি নয়। আরিফ নামের এক যুবককে লক্ষ্য করে এক রাউণ্ড গুলি করা হয়েছে। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।
এআই





