চীন উপহার হিসেবে বাংলাদেশকে করোনাভাইরাসের পাঁচ লাখ ডোজ টিকা দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
রোববার (২৫ এপ্রিল) খুরশিদ আলম গণমাধ্যমকে বলেন, “চীন সিনোফার্মের তৈরি পাঁচ লাখ ভ্যাকসিন বাংলাদেশকে উপহার হিসেবে দেবে বলে জানিয়েছে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক এর অনুমোদন দিয়েছেন। এটা গ্রহণ করা হবে। গ্রহণ করার পর আমাদের যারা নীতি-নির্ধারক আছেন, তাঁরা সিদ্ধান্ত নেবেন যে, কখন কীভাবে প্রয়োগ করা হবে।”
এদিকে, করোনাভাইরাসের টিকা পেতে চীনসহ ৬টি দেশের সঙ্গে যৌথ উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ। ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ নামের এই প্ল্যাটফর্মের অন্য দেশগুলো হচ্ছে- চীন, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।
জরুরি প্রয়োজনে টিকা পেতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্মে বাংলাদেশ অন্তর্ভুক্ত হতে সম্মত হয়েছে বলে গত বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এমবি





