বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, জনগণ প্রতিবাদ না করলে রডের বদলে বাঁশের সংখ্যা আরো বাড়বে।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
শ্রমিক নেতা মোহাম্মাদ আবু তাহেরের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ গার্মেন্টস, টেক্সটাইল অ্যান্ড লেদার ওয়ার্কস ফেডারেশন এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কতুবউদ্দিন আহমেদ।
নজরুল ইসলাম খান বলেন, ‘অনেকে তাহেরের মৃত্যু মেনে নিতে পারেন না। কিন্তু আমি মনে করি এক অর্থে তার তাড়াতাড়ি চলে যাওয়া ভালোই হয়েছে। কারণ তাকে দেশের এই দুরবস্থা দেখতে হচ্ছে না। ব্যাংকের রিজার্ভের টাকা চুরি, ভবন তৈরিতে রডের বদলে বাঁশের ব্যবহার দেখতে হচ্ছে না। একজন দেশপ্রেমিকের জন্য এসব দেখা খুবই বেদনাদায়ক।’
শ্রমিকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, কেউ আপনাদের দাবিগুলো বাস্তবায়ন করে এনে দিয়ে যাবে না। তাই শ্রমিকদের দাবি আদায়ে, আপনাদের প্রতিবাদী ও আন্দোলনমুখী হতে হবে।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, জনগণকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে রডের বদলে বাঁশের সংখ্যা আরো বাড়বে।
চুয়াডাঙ্গায় নির্মাণাধীন সরকারি ভবনে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে উঠেছে।
এমআইএস।





