রাজধানীর আরামবাগে দৈনিক সংগ্রামের ভবনে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা দফায় দফায় ভবনে প্রবেশ করে ভাড়াটিয়াদের হুমকি দিয়েছে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে বিষয়টি লিখিতভাবে অবহিত করা হয়েছে।
জানা গেছে, গত ২৫ জুন রাত সাড়ে ৮ টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত স্থানীয় কাউন্সিলরের লোক পরিচয় দিয়ে ৮৯, ৮৯/১ আরামবাগ এ বাংলাদেশ পাবলিকেশন্স লি:-বিপিএল এর ভবনে আসে। দৈনিক সংগ্রাম বিপিএল এর একটি প্রতিষ্ঠান।
বিপিএল অফিসের কর্মচারীরা অভিযোগ করেছেন, গত বুধবার দুপুরের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মমিনুল হক সাঈদের পরিচয়ে ১০-১২ জনের এক দল দুর্বৃত্ত বিপিএল ভবন ৮৯, ৮৯/১ আরামবাগ এর ২য় তলায় কোম্পানীর অফিস কক্ষে কমান্ডো স্টাইলে প্রবেশ করে এবং এসেই বলে ‘অফিসের কর্মচারী কে কে আছো আমাদের সাথে কমিশনার কার্যালয়ে চল’।
তারা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে তিন জন অফিস স্টাফকে জোর পূর্বক কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যায়। সেই সময় কাউন্সিলর মো. মমিনুল হক সাঈদ সেখানে উপস্থিত ছিলেন। তার নিদের্শে এর কিছুক্ষণ পর কাউন্সিলরের লোকজন তার পিএস এর নেতৃত্বে বিপিএল ভবনে এসে ৫টি রুমে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা আবারো ভাড়াটিয়াদের হুমকি ধমকি দেয় এবং ৭ তারিখ থেকে সকল ভাড়া কাউন্সিলরের কার্যালয়ে পৌছে দিতে বলে যায়।
২/১ জন ভাড়াটিয়া প্রতিবাদ করলে তাদেরকে চর থাপ্পর ও কিল ঘুষি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে একজন অফিস স্টাফকে ছেড়ে দিলেও এবং অন্য ২জনকে কাউন্সিলরের কার্যালয়ে আটকে রাখে। এ সময় দু'জনকে ব্যাপক মারধর করা হয়।
এরপর বিকাল সাড়ে ৩ টায় কাউন্সিলর আবারো তার লোকজন কেপিএস এর নেতৃত্বে বিপিএল অফিসে পাঠায়। তারা সমস্ত ফাইলপত্র তছনছ ও ঘাটাঘাটি করে দলিল, খাজনা খারিজের পর্চা, নামজারী, সিটি কর্পোরেশন ট্যাক্সের কাগজপত্রের ফাইলসহ ভাড়া রেজিস্ট্রার, ব্যাংক লেজার, ভাড়াটিয়াদের তালিকা, গ্যাস বিদ্যুৎ বিল রেজিস্ট্রার ও বিলের কপি এবং বিপিএল ভবনের মূল্যবান নথিপত্র নিয়ে প্রত্যেক রুমের চাবি নিজেরাই তালা লাগিয়ে দেয় এবং অফিসের স্টাফ দু'জনকে ছেড়ে দেয়।
জেডআই





