চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
শুক্রবার (১৫ এপ্রিল) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
চুয়েট আইন, ২০০৩ এর ১০(১) ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি (চ্যান্সেলর) কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে ১৪ এপ্রিল কার্যকাল চারবছর পূর্ণ হওয়ায় অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম দায়িত্বভার হস্তান্তর করেন।
অপরদিকে বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েট আইন, ২০০৩ এর ১০(৩) ধারা অনুযায়ী অদ্য দায়িত্বভার গ্রহণ করেন।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় চুয়েটের প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, অফিস প্রধান, শাখা প্রধানদের সভায় এ দায়িত্ব হস্তান্তর ও দায়িত্বভার গ্রহণের কার্যক্রম সম্পাদিত হয়।
এসময় বিদায়ী উপাচার্যকে তার গৌরবময় অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ভারপ্রাপ্ত উপ-উপাচার্যের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করা হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ১৯৫৮ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম আবদুল হোসেন, মা মরহুমা খায়রুন্নেসা। অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এই প্রতিষ্ঠানের ছাত্র (তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজ) হিসেবে ১৯৭৯ সালে কৃতিত্বের সঙ্গে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি ১৯৮২ সালের ১৯ আগস্ট প্রভাষক হিসেবে এ প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৬ সালের ২ মার্চ সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০০৭ সালের ২৩ এপ্রিল সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির পর ২০০৯ সালের ১৯ জুলাই থেকে একই বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
এইচ ই





