ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকান সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার ( ৩১ মে ) উপজেলা প্রশাসন ও সওজ এ উচ্ছেদ অভিযান চালায়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৭ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোনারগাঁয়ের কাচঁপুরে এসে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য উপজেলা প্রশাসন ও সওজের প্রকৌশলীদের নির্দেশ দেন।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম ও নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী ইমরান ফারহানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও সওজের কর্মকর্তারা পুলিশ নিয়ে মোগরাপাড়া চৌরাস্তার পাশে ফলের দোকান, সওজের জায়গায় গড়ে তোলা স্বপ্নচূঁড়া মার্কেটের সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
ইউএনও শাহীনুর ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সওজের জায়গায় ফলের ও টংঘর গড়ে তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান ফারহান বলেন, এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল।
এমই/ইকবাল





