মানিকগঞ্জের সিংগাইর থেকে অপহরণের কয়েক ঘণ্টা পর অপহৃত শিশু তাওহীদকে (৬) সাভারের তালবাগ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ।
বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে।
তাওহীদ সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের ভাউতিপাড়া প্রভাত ফেরি বিদ্যানিকেতনের প্লে-গ্রুপের ছাত্র এবং ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন : উপজেলার ভাউতিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে অটোচালক শাহীনুর (২০), রেসেক আলীর ছেলে কলেজ ছাত্র রবিন হোসেন (২০), দড়িরাজ নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক সাইফুল (২৫), সাভারের ব্যাংক কলোনী এলাকার নুরুল হকের ছেলে সোহেল (২৫) ও নবাবগঞ্জ থানার মেলেং এলাকার আবদুল মালেকের ছেলে আলামিন (২৪)।
পুলিশ জানায়, বুধবার বিকেল ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাওহীদকে শাহীনুর ও রবিন অপহরণ করে। পরে তারা সাইফুলের অটোরিকশাযোগে সাভারের তালবাগ এলাকায় সোহেল ও আলামিনের ভাড়া বাসায় শিশুটিকে আটকে রাখে।
এদিকে তাওহীদকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করে। পরে সন্ধ্যার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এবং শাহীনুরকে সাভার থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুসারে বাকিদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, গ্রেফতার ওই যুবকরা গত এক মাস আগে থেকে তাওহীদকে অপহরণের পরিকল্পনা করে। গ্রেফতারদের বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা হয়েছে।
জেআই





