কিশোরগঞ্জে পেট্রোলবোমা ছুড়ে একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।

শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের চিলাকারা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ওই রাতেই পাকুন্দিয়া উপজেলায় একটি লাউয়ের মাচা থেকে ১৬টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী শনিবার জানান, নাশকতাকারীদের ধরতে এলাকায় পুলিশি অভিযান চলছে।

শুক্রবার রাত ২টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ এলাকায় অভিযান চালিয়ে একটি লাউয়ের মাচা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি পেট্রোলবোমা উদ্ধার করে পুলিশ।

ঠিক এর দুই ঘণ্টার মাথায় ভোর ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের চিলাকারা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে।

এতে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন রাস্তার পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভায়। ততক্ষণে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

মাইক্রোবাসটিতে থাকা চালক হামলার পরপর গাড়ি থেকে নেমে পড়ায় তিনি আহত হননি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এমকে