রাজধানীর দারুস সালাম এলাকায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশের সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাত্তার মোল্লা (৫০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
সোমবার সকাল নয়টায় এ ঘটনা ঘটে।
সাত্তার মোল্লা মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি থানার বনগাঁও গ্রামের মৃত ওহাব মোল্লার ছেলে। তিনি মিরপুর-১, আট নম্বর সড়কের পাঁচ নম্বর বাড়িতে বসবাস করতেন।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দেবনাথ বাংলানিউজকে জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি ছোট মিনিবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। তবে গাড়ি জব্দ বা চালককে আটক করা সম্ভব হয় নি।
নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





