পঞ্চগড়ের তেতুলিয়ায় এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম সামসুন্নাহার (৩৫)।
শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি জেলার তেঁতুলিয়া উপজেলার দেমগছ এলাকার আছিরউদ্দিন মাস্টারের (৪৮) স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ের রয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার দেমগছ এলাকার শানু মোহাম্মদের ছেলে সিপাইপাড়া আছিরউদ্দিনের (৪৮) সঙ্গে ১৯ বছর আগে শালবাহান ইউনিয়নের বসন্তজোত গ্রামের সলিমউদ্দিনের মেয়ে সামসুন্নেহারের বিয়ে হয়।
শুক্রবার ভোরে রান্না ঘরে দুর্বৃত্তরা সামসুন্নেহারকে বটি দিয়ে জবাই করে। পরে গোঙানির শব্দ শুনে তার স্বামী আছিরউদ্দিন মাস্টার ও শাশুড়ি সেখানে গিয়ে সামসুন্নাহারকে গলা কাটা অবস্থায় দেখতে পান। এসময় তারা চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে।
এ ঘটনার পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঘটনা স্থল পরিদর্শন করেন।
তেঁতুলিয়া থানার ওসি জুলফিকার আসাদুজ্জামান জানান, হত্যা ঘটনায় এখনো কিছু বলা যাচ্ছে না। উভয় পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী আছিরউদ্দিন মাস্টারকে থানায় নেওয়া হয়েছে।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





