বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের মধ্যে ভোলা হবে সবচেয়ে উন্নত ও সমৃদ্ধশীল জেলা।

ভোলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শনিবার দুপুরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে ব্যক্তি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, এ জেলায় ২২৫ মেগাওয়ার্ট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে। অচিরেই আরও ২২৫ মেগাওয়ার্ট বিদ্যুৎকেন্দ্র চালু হবে। এ সব কেন্দ্র চালু হলেই ভোলাসহ দক্ষিণাঞ্চলে বিদ্যুতের কোনো সমস্যাই থাকবে না। ভোলাতে সার কারখানা স্থাপনের জন্য প্রস্তুতি চলছে।

তিনি বলেন, ভোলায় প্রচুর পরিমাণে গ্যাস মজুদ রয়েছে। শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে ৩ কুপের খনন কাজ চলছে। অচিরেই আরও ২টি কুপ খননের কাজ শুরু হবে।

তিনি জানান, দেশের সঙ্গে জাপান সরকারের যে অর্থনৈতক বিনিয়োগ চুক্তি হয়েছে সে চুক্তি পরিপ্রেক্ষিতে ভোলাতে তারা বিনিয়োগ করতে পারবে। এ জেলাই হবে অর্থনীতির জোন।
তোফায়েল আহমেদ ভোলার নদীভাঙ্গন রোধ কল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে বলেন, ভাঙ্গন রোধে নেদারল্যান্ড সরকারের যে প্রকল্প রয়েছে সেটি বাস্তাবায়ন হলে ভোলার জনপদকে নদী আর গ্রাস করতে পারবে না।

ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্ব বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপস্থিত ছিলেন সাবেক এডিশনাল ডিআইজি আবদুল সালম, কোস্টগার্ড কমান্ডার অলি উল্ল্যাহ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব।

চেক বিতরণ অনুষ্ঠান শেষে মন্ত্রী ঢাকাস্থ ভোলা সমিতির আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আব্দুল হান্নান হাওলাদার শিক্ষাবৃত্তি প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন ভোলা সমিতির সভাপতি মাকসুদ হেলালী। ৯৮ জন শিক্ষার্থীর মধ্যে এ শিক্ষাবত্তি প্রদান করা হয়।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই