হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ অলিপুর প্রাণ গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নির্মাণাধীন ৩য় তলা ভবনের ছাদ ধসে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নির্মাণ শ্রমিকরা।

শনিবার দুপুরে হঠাৎ করে ভবনটির ছাদ ধসে পড়ে। এসময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে পুরো পার্কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় গুজব ছড়িয়ে পড়ে প্রাণে ভবন ধসে শতাধিক শ্রমিক মারা গেছেন।

এ প্রেক্ষিতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, শুভ নামে এক শ্রমিক আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আর কোনো কিছু ঘটেনি।

শ্রমিকরা জানান, অল্পের জন্য অনেক নির্মাণ শ্রমিকরা প্রাণে রক্ষা পেয়েছেন। এসময় এ পার্কের ৯নং ভবনের ৩য় তলার একাংশে বেশ কিছু অংশ ধসে পড়েছে। ধসে পড়া ভবনের নিচে কোনো শ্রমিক আটকা পড়েছে কিনা অন্য শ্রমিকরা তা পর্যবেক্ষণ করছেন।

এ ব্যাপারে প্রাণ গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মো. মঞ্জুরুল হক জানান, এ ঘটনায় কোনো শ্রমিক মারা যাননি। তবে একজন আহত হয়েছেন। তাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি।

শায়েস্তাগঞ্জ থানার দারোগা মোবারক হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

জেআই