ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকায় আসার পথে ভারতের নাগপুর বিমানবন্দরে শতাধিক যাত্রী নিয়ে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইউম মারা গেছেন।

রোববার (২৯ আগস্ট) নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ড. আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব আনুষ্ঠানিকতা শেষে দ্রুত মৃতদেহ দেশে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট (শুক্রবার) ওমানের রাজধানী মাস্কাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি ০২২ মোট ১২৪ যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

বিমানের পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এমবি