টানা আড়াই ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয়েছে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের ষোলঘরে পুকুরে ডুবে যাওয়া বাসটি। এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ও অন্তত ১৯ জন আহত হয়েছেন।

শুক্রবার বেলা ২টার দিকে ঢাকা থেকে দোহারগামী ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের ষোলঘর এলাকায় আরাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে যায়।

বাসটি পুকরের অন্তত ১৫ ফিট পানিতে তলিয়ে যায়। এরপর সেনা, র‌্যাব, পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরিরা বিকাল সাড়ে চারটার দিকে বাসটি টেনে উপরে তোলে। তবে বাসের মধ্যে কোনো মরদেহ পাওয়া যায়নি।

খবর পেয়ে দুপুরেই স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা ১৫ জনকে জীবিত উদ্ধার করে। পরে আরো ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

হাসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসান বলেন, ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শম্ভু বর্মন (৩৩) ও রমিজ আলী (৬০) নামের দুইজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা ও বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এআর