নড়াইলে গৃহবধূ ববিতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় তার শ্বশুর ও ভাসুরসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে স্বামীসহ গ্রেফতারের সংখ্যা ছয় জন।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া এলাকা থেকে সোমবার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, সোমবার রাত ১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ববিতার শ্বশুর সালাম শেখ, ভাসুর হাসান শেখ ও প্রতিবেশি নান্নু শেখকে গ্রেফতার করা হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় মামলার প্রধান আসামি ববিতার স্বামী সেনা সদস্য শফিকুলকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ৫ মে মামলার আরেক আসামি ববিতার চাচা শ্বশুর কালাম শেখ এবং নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত হিরু শেখকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি জানান, এই মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, ৩০ এপ্রিল জেলার লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনা সদস্য শফিকুল শেখের স্ত্রী ববিতা খানমকে গাছের সঙ্গে বেঁধে পরিবারের সদস্যরা অমানবিক নির্যাতন চালায়।
ঘটনার ৫দিন পর ৫ মে ববিতার মা খাদিজা বেগম বাদি হয়ে শফিকুল, তার বাবা ও মাসহ সাত জনকে আসামি করে লোহাগড়া থানায় নারী নির্যাতন মামলা দায়ের করেন।
এমকে





