রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ফলে এনটিভি ও আরটিভির সস্প্রচার বন্ধ রয়েছে এবং‘আমারদেশ’ পত্রিকার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামালসহ সবকিছু পুড়ে গেছে।

এনটিভির মালিক মোসাদ্দেক আলী ফালু এই অগ্নিকাণ্ডের তদন্তের দাবি করেছেন। তিনি বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা উচিত। ২০০৭ সালের অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট এখনো জমা দেওয়া হয়নি। আবার ২০১৪ সালের অগ্নিকাণ্ড কী কারণে ঘটল, সেটার তদন্ত করে আসল তথ্য বের করতে হবে, বলেন তিনি।

আমারদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার নাজিম উদ্দিন শোয়েব জানান, ‘আমারদেশের’ অফিসের সবকিছুই পুড়ে গেছে। তবে আগুন কিভাবে লেগেছে সেটা তিনি বলতে পারেন নি।

আমারদেশ পত্রিকার অপর সিনিয়র রিপোর্টার মাহমুদা ডলি বলেন, শুক্রবার আমারদেশ পত্রিকার কার্যালয় স্থানান্তর করে গুলশানের নিকেতনে নেওয়ার কথা ছিল। এজন্য পত্রিকাটির গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল বৃহস্পতিবারই গুছিয়ে রাখা হয়েছিল।

অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করতে গিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিষয়টি তদন্ত করা হবে ।

এসএইচ