জয়পুরহাট-বগুড়া সড়কের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৪টি সোনার বার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

এ সময় বগুড়ার আটাপাড়া ওয়াপদা এলাকার এহসানুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে আসা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ওই সোনা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ৩৪টি সোনার বারের ওজন দুই কেজি ৬০০ গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি ৬১ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা। সোনাগুলি ভারতে পাচারের উদ্দেশে দিনাজপুরের হিলি স্থলবন্দরে নেওয়া হচ্ছিল বলে গোয়েন্দা পুলিশ ধারণা করছে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।

কেএইচ