লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকায় বাসের চাপায় সুজাতা আক্তার (২৪) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

রোববার (৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রী সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের খেতাবেগ গ্রামের নুর ইসলামের মেয়ে। তিনি বড়বাড়ি শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের পরীক্ষার্থী।

পুলিশ জানায়, দুপুরে ডিগ্রি পরীক্ষায় অংশ নিতে বাবার সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশায় করে লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্রে যাচ্ছিলেন সুজাতা।

পথে বড়বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা কেবি পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশা থেকে রাস্তায় পড়ে যান তিনি। এসময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দুকুর রহমান জানান, স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

ওএফ