দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রোববার সকাল ৯টা পর্য্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে অধিদপ্তর থেকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র-উড়িষ্যা উপকূলে অবস্থিত লঘুচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে ও ঘণীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থান করছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর