মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে লাইটারেজ জাহাজের ধাক্কায় পুলিশের টহলরত ট্রলার ডুবে গেছে। ট্রালারে থাকা চার পুলিশ সদস্য উদ্ধার হলেও পুলিশের ৩টি অস্ত্র নদীতে খোয়া গেছে বলে জানা গেছে।

ট্রলারের চার পুলিশ সদস্য আহত হয়েছে। তবে তা গুরুতর নয়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ নদীতে টহল দিচ্ছিল।

পুলিশের ট্রলারটি ছিল সদর উপজেলার শাহ সিমেন্ট ফ্যাক্টরী বরাবর। রাত পৌনে ৯টার দিকে চাঁদপুরগামী একটি লাইটারেজ জাহাজ হঠাৎ এসে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই ইউনুচ আলী রাত ১২টায় জানান, ট্রলারে থাকা চার পুলিশই প্রাণ বাচাঁতে নদীতে ঝাপ দেয়।

তারা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পুলিশের সাথে থাকা গুলিসহ ৩টি শটগান এ সময় নদীতে খোয়া যায়।

লাইটারেজ জাহাজটি ধলেশ্বরী নদীতে আটক করা সম্ভব হয়নি। ফায়ারসার্ভিস ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

বৃহস্পতিবার সকালে এসব অস্ত্র উদ্ধারে নদীতে তৎপরতা শুরু করা হবে। লাইটারেজ জাহাজটি সনাক্তের চেষ্টা চলছে।

এসএম