স্বর্ণ চোরাচালান মামলায় আবদুল্লাহ আল আমীন (৩৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনুর এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত স্বর্ণ চোরাচালানি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা আবদুল্লাহ আল আমীন বর্তমানে পলাতক রয়েছে।
মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী জানান, ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৮টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার হয়েছিল আবদুল্লাহ। এ ঘটনায় তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় স্বর্ণ চোরাচালানের মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
গত বছর আসামি আবদুল্লাহ আল আমীনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আসামি আবদুল্লাহ আল আমীনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে মামলার বিচার কার্যক্রম শুরুর আগেই আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে এ আসামি।
এমআর





