নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্ন ইউনিয়নের পশ্চিম নরোত্তমপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এতে ৪টি বসত ঘর পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের দাবী জায়গা জমি ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ হামলা চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
শনিবার রাত দেড়টার দিকে ইসমাইল পন্ডিত মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- মো. হারুন (৪০), পারভিন আক্তার (২৮), বিউটি আক্তার (২৬) ও পারভিন বেগম (৩০)সহ ৫ জন।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থ সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ইসমাইল পন্ডিত বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে ওই বাড়ীর রহমত উল্ল্যাহর একটি, তার ভাই রফিক উল্ল্যার একটি, চাচাতো ভাই কামাল উদ্দিনের একটি ও ফারুক হোসেনের একটিসহ ৪টি বসত ঘর পুঁড়ে ছাঁই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ রহমত উল্ল্যাহ অভিযোগ করে জানান, জায়গা-জমি নিয়ে পাশ্ববর্তী হানিফ, নূরনবীসহ কয়েকজনের সাথে দীর্ঘদিন পর্যন্ত যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে হানিফ, নবীর নেতৃত্বে ৩০/৪০জন একত্রিত হয়ে তাদের বাড়ীতে হামলা চালায়।
এসময় তারা ঘরে থাকা মহিলাসহ লোকজনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে বাড়ীর চারটি বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে চারটি ঘর সম্পূর্ণ পুঁড়ে গিয়ে অন্তত ৫লাখ টাকার ক্ষতি হয়। আহতদের মধ্যে মো. হারুনের অবস্থা আশংকাজনক বলেও জানান রহমত উল্ল্যাহ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আগুনের খবর শুনেছি। তবে এখনো সকাল (সাড়ে ১০টা) থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।
এসএইচ





