করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেলো। একইদিনে এই ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে আরও ২ হাজার ৫৪৫ জনের দেহে শনাক্ত হয়েছেন। এনিয়ে এই রোগীটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ছাড়ালো।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জনে।

একইদিনে এই ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে আরও ২ হাজার ৫৪৫ জনের দেহে শনাক্ত হয়েছেন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৮১ জন। এনিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৬ হাজার ৭৫৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯১টি ল্যাবে ১৪ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৭৮৮টি।

২৪ ঘণ্টায় নতুন ৪৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৩। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে তিন হাজার ১৬৯ জন ও নারী ৮৫৯ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন ও ষাটোর্ধ্ব ২৭ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে দুজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৪ জন ও বাড়িতে একজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৪ লাখ ৭০ হাজার ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এমবি