গোপালগঞ্জ শহরতলীর ফকিরকান্দি গ্রামে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের আটটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
রোববার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত থেকে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, বিকালে ওই গ্রামের মান্নু শেখের টয়লেটের ময়লা পরিস্কারের জন্য সুইপারকে কাজে লাগানো হয়। এসময় পাশের বাড়ির মোক্ষুরের ছেলে সুমন শেখ তাতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেএইচ





