হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে তাকে নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘মওলানা ইজহারের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে।’

মুফতি ইজহার ও তার ছেলে হারুন ইজহারের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আছে।

লস্কর ই তৈয়বার সঙ্গে কানেকশনের অভিযোগে ২০১০ সালে একবার মুফতি হারুন ইজহার গ্রেপ্তার হয়েছিলেন।

২০০৯ সালে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ডাউকি এলাকা থেকে গ্রেফতার হওয়া লস্কর-ই তৈয়বার দুটি জঙ্গি নাজের ওরফে নাজের পারবন এবং শফিক ওরফে সাহাফাজ শামসুদ্দিন সেদেশের পুলিশকে জিজ্ঞাসাবাদে জানায়, তাদের সঙ্গে ২০০৯ সালের নভেম্বরে বাংলাদেশে মুফতি হারুনের কয়েক দফা বৈঠক হয়।

এমনকি তারা মার্কিন ও ভারত দূতাবাসে হামলারও পরিকল্পনা নিয়েছিল। এরপর মুফতি হারুন গ্রেপ্তার হয়েছিলেন।

মুফতি ইজহার নেজামে ইসলাম পার্টির একাংশের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।

এআই