ফরিদপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ হাবিব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অভিযানে থাকা সৈকত নামে গোয়েন্দা পুলিশ-ডিবির এক কর্মকর্তা। পুলিশের দাবি নিহত হাবিব একজন সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। নিহত হাবিব পূর্ব খাবাসপুর এলকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল খালেক মিয়া।
শুক্রবার দিবাগত গভীর রাতে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর লঞ্চঘাট ব্রিজ সংলগ্ন স্থানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, হাবিব ও তার লোকজন ডাকতির প্রস্তুতি নিচ্ছেন; এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ডিবি পুলিশের একটি দল তাকে আটক করতে ওই স্থানে গেলে পুলিশের ওপর হামলা চালায় হাবির ও তার সহযোগিরা। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত হোসেন নামে ডিবি পুলিশের এক সদস্য গুরুতর আহত হন।
আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাবিবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাবিব ডাকাতি, হত্যা, ধর্ষণ, মাদক, চাঁদাবাজিসহ ৯টি মামলার সাজাপ্রাপ্ত আসামি।
এআই





