প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, ‘পোশাক শিল্প নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম অনেক সময় খবর অতিরঞ্জিত করছে। রাজনৈতিক কারণেই এটি করা হয়।’

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দিনব্যাপী সেমিনারে তিনি এ কথা বলেন।

ইউরোপ ইউনিয়ন কর্তৃক জিএসপি প্লাস নিয়ে সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট (বিএফটিআই)।

ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এটি আমাদের স্বীকার করতে হবে। দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ তৈরি পোশাক খাত। এটিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। গত ৫ বছরে জ্বালানী খাতে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। তারপরও নেতিবাচক খবর প্রকাশিত হয়।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, ‘পৃথিবীর কোনো শিল্প প্রতিষ্ঠানই নিরাপদ নয়। আমাদের এখানে নিরাপত্তার অজুহাতে বেশ কিছু তৈরি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এটি সঠিক সিদ্ধান্ত নয়।’

সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘জিএসপি প্লাসে নতুন করে ৩৫টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে প্রয়োজন হলে আমাদের নীতি পরিবর্তন করতে হবে।’

অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ না থাকায় ইতোমধ্যে কিছু কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের মোট পোশাক রফতানি ৬২ শতাংশ ইউরোপে রফতানি হয়ে থাকে। এই কারণে জিএসপি প্লাসে আমরা যাতে ক্ষতিগ্রস্থ না হই সেই জন্য আমাদের কৌশলগত পরিবর্তন আনতে হবে।’

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ