রাত পোহালে পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হবে।
১৪৩৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারনের সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করেছেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দেশের মুসলমানরা বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবে। ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৮ জুলাই সোমবার থেকে তিনদিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। তবে সোমবার চাঁদ না উঠলে একদিন বেড়ে এ ছুটি বৃহস্পতিবার পর্যন্ত থাকবে।
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোমবার মাদারীপুরে ৫০টি, চাঁদপুরের ৫০টি এবং শরীয়তপুরের ৩০টির বেশি গ্রামে ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে।
ঢাকা, কেএ, ২৮ জুলাই , টাইমনিউজবিডি.কম, এসএইচ





