ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিলে পাথর নিক্ষেপের অভিযোগে চট্টগ্রামের মোমিন রোডের কদম মোবারক এতিম খানার ৩৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালী থানা পুলিশ এই এতিমখানার শিক্ষার্থীদের আটক করে। পুলিশের দাবী এতিম খানায় অনেক শিবিরকর্মী রয়েছে। তাদের যাচাই বাছাই করা হচ্ছে।
কোতোয়ালী থানার অফিসার ইন চার্জ (তদন্ত) নেজাম উদ্দিন জানান, নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে নগর ছাত্রলীগের একটি হরতাল বিরোধী মিছিল কদমমোবারক এতিমখানার সামনের রাস্তা অতিক্রম করার সময় এতিম খানা থেকে ছাত্রলীগের মিছিল লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এতে মিছিলে থাকা ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হয়।
এই ঘটনার পর এতিমখানার আবাসিক হলে অভিযান চালিয়ে পুলিশ এতিম খানার ৩৬ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে আটককৃতদের সবাইকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। যাছাই বাছাই শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএইচ





