যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেধাবী ছাত্র রিয়াদ হত্যা মামলার এক ও দুই নম্বর আসামি যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি এবং সম্পাদককে জেলগেটে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে যবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সংবর্ধান দেয়।
সূত্রমতে, ছাত্ররাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে গত গত বছর ১৬ মে সুব্রত বিশ্বাসকে সভাপতি ও এসএম শামীম হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটিতে অযোগ্যরা স্থান পেয়েছে বলে নাইমুল ইসলাম রিয়াদসহ ছাত্রলীগের একাংশের নেতারা প্রথম থেকেই আন্দোলন সংগ্রাম করতে থাকেন। এতে সভাপতি-সম্পাদক অংশের নেতারা ব্যাপক ক্ষুব্ধ ছিল।
এরই জের ধরে গত বছর ১৪ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদকে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় নিহতের মামা রফিকুল ইসলাম রাজু বাদী হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে গত বছর ১৮ নভেম্বর সুব্রতকে সহপাঠীরা ধরে পুলিশে দেয়। আর শামীম চলতি বছরের ৯ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার তারা জামিনে মুক্ত হলে কারাফটকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেন। এসময় তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
জেআই





