সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, টেকসই উন্নয়ন ও রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে রাজনীতিবিদদের ঐকমত্য ও সদিচ্ছা একান্ত জরুরি। বর্তমান অবস্থা থেকে উত্তরণে রাজনীতি, অর্থনীতি ও শাসন প্রক্রিয়ার সুদূরপ্রসারী সংস্কারের বিকল্প নেই।
রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে শনিবার বিকালে রাজনৈতিক সঙ্কটের স্থায়ী সমাধানের লক্ষ্যে জাতীয় সনদ প্রণয়নকল্পে নাগরিক সংলাপে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা ও মহানগর কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে নগরীর গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সুজন রাজশাহী জেলা কমিটির সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহানগর সভাপতি জায়তুনা খাতুন। মহানগর সুজনের সম্পাদক ডা. হেমায়েতুল ইসলাম আরিফের সঞ্চালনায় বিরাজমান রাজনৈতিক সঙ্কটের স্থায়ী সমাধানের লক্ষ্যে নাগরিক সংলাপে জাতীয় সনদের খসড়া প্রস্তাব উপস্থাপন করেন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ড. মাসুদুল হাসান মুক্তা, ড. আব্দুল হাই, ড. হাবিবুর রহমান, ড. সৈয়দ সরওয়ার জাহান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সম্পাদক জামাত খান, মাহমুদুল আলম মাসুদ, ইয়ুথ লিডার মাসুম রাসেল, জুবায়ের আহমেদ রাজি, মাহবুবুল আলম রাহী, মোস্তাফিজুর রহমান সজল, হাসিব আল মামুন, ফারহানা হক আঁখি প্রমুখ।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





