কুষ্টিয়ায় আবু বকর সিদ্দিক নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার দায়ে ৬ আসামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ফেব্রুয়ারী) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো: আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তদের মধ্যে ৫ আসামী উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার রাতুলপাড়া গ্রামের মৃত ফাকের মন্ডলের ছেলে সাজ্জাদ (৩২), মুধ মন্ডলের ছেলে মাজেদ (৩৫), পুর্ব রাতুলপাড়া গ্রামের শাহাদত মন্ডলের ছেলে কালাই ওরফে জলিল মন্ডল (৪৫) ও জয়নাল শেখের ছেলে মনসের আলী (৫০)। রশিদুল ইসলাম (২৪) নামে দণ্ডপ্রাপ্ত এক আসামী পলাতক রয়েছেন। আর জামিরুল ইসলাম মারা গেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, ২০১২ সালের ১০ জুন রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জোতপাড়া গ্রামে বাড়ির সামনে একটি দোকানে বসে ছিলেন আব্দুল জলিল মন্ডলের ছেলে আবু বকর। রাত ১০টার দিকে কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে যায়। রাতে তাকে খুঁজে পাওয়া যায় না। পরের দিন ১১ জুন সকাল ৭টায় গ্রামের কাঞ্চিখালি মাঠের মধ্য থেকে তার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ওই দিনই বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া মডেল থানায় নিহতের ভাই নুর হক মন্ডল বাদি হয়ে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্তকারি কর্মকর্তা আরিফুর রহমান, মামলাটি তদন্ত করে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। বিচার চলাকালে আসামী সমলেম মন্ডলের ছেলে জামিরুল ইসলাম মারা যান।

কুষ্টিয়া আদালতে সরকারি কৌশলী অনুপ কুমার নন্দী জানান, রায় ঘোষনার সময় ৫ আসামী উপস্থিত ছিলেন। এ রায়ে বাদির পরিবার খুশি হয়েছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।

এমই