চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিন দিন নিখোঁজ থাকার পর মনিরের লাশ উদ্ধার করা হল। নিহত মনির হোসেন রামগড়ের বল্টুগ্রামের মকবুল আহমেদের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে জোরারগঞ্জ থানার হিঙ্গুলি ইউনিয়নে বারিয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কের পাশে সিনকিরহাট বাজার এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
মনির হোসেনের মরদেহটি শনাক্ত করেন তার চাচা আবুল খায়ের। মনিরের নিকটাত্মীয় আবুল বাশার জানান, রোববার (১৮ অক্টোবর) দিনগত রাত থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এর আগে জোররাগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা সুজন জানিয়েছিলেন, সোমবার ভোর রাতের দিকে পৌর এলাকায় একটি ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করা হয়েছে। সিএনজিটি মনিরেরই ছিল। এটি উদ্ধারের পর থেকে এখন পর্যন্ত মনিরের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, রাতে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মনিরের সিএনজিটি চালিয়ে যাচ্ছিল। বারিয়ারহাট অতিক্রমের সময় বিষয়টি স্থানীয় সিএনজি সমিতির সংশ্লিষ্টদের দৃষ্টিতে এলে ওই দুর্বৃত্তরা সিএনজি ফেলেই পালিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মনিরের মরদেহ থানায় নেওয়া হয়েছে। সিএনজিটিও নেওয়া হয়েছে। মনিরের গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

ইআর