নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুত সরবরাহ বন্ধ, বিদ্যুৎ কর্তৃপক্ষের অনিয়ম ও আদালতের নির্দেশে বিদ্যুৎ সরবরাহের দাবীতে বিক্ষোভ মিছিল ও ভাংচুর করেছে হাতিয়ার সবস্তরের জনগনের পক্ষের ব্যানারে গ্রাহকেরা।
জানাযায়, গত ১ মাস ধরে পরপর ৩টি বিদ্যুৎ ইঞ্জিনের মধ্যে ২টি বিকল হয়ে যায়। ১টি দিয়ে শুধুমাত্র উপজেলা পরিষদ ছাড়া বাকী গ্রাহকেরা বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্ছিত হওয়ায় গতকাল বুধবার দুপুর ২ঘটিকার সময় হাতিয়ার সবস্তরের জনগনের পক্ষের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিদ্যুৎ অফিসের সামনে এসে শেষ হয়।
পরে স্থানীয় গ্রাহকেরা আদালতের নির্দেশ অনুযায়ী বিদুৎ সরবরাহের জন্য দাবী জানান। এসময় বিক্ষুব্ধ গ্রাহকেরা বিদ্যুৎ অফিসের দিকে ইট পাটকেল মারতে থাকে। এতে অফিসের কাচেঁর জানালাগুলো ভেঙ্গে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী মসিউর রহমান জানান, বিকল হওয়া ইঞ্জিনগুলো মেরামতের কাজ চলছে। মেরামত সম্পন্ন হলে বিদুৎ ব্যবস্থা স্বাবাভিক হবে।
ফিরোজ/এমএনজে





