গাজীপুরের কালিগঞ্জের নলছাটা এলাকায় চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ঢাকা থেকে উদ্ধারকারী দল ট্রেনটি উদ্ধার করলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৬টার দিকে আড়িখোলা স্টেশনের আগে নলছাটা এলাকায় কন্টেইনারবাহী ওই ট্রেনটির মাঝখানের দুইটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর পর থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এ ঘটনায় ভৈরবের আশপাশের স্টেশনে ঢাকাগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেস ও চট্টগ্রাম মেইল এবং টঙ্গী স্টেশনে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।
পরে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। বৃষ্টিতে মাটি নরম হয়ে পড়ায় রেললাইন দেবে গিয়ে ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ইআর





