গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫ জুয়াড়ির কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। সোমবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ কারাদণ্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার গোয়ালপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আতোয়ার রহমান (৩০), পার আমলাগাছী গ্রামের দুলা মিয়ার ছেলে নুরুজ্জামান (২৬), উত্তর সাবদিন পোগাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোতাল্লিব মিয়া (৩০), মহদীপুর গ্রামের গোলজার রহমানের ছেলে আব্দুস ছামাদ (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নারায়নপুর গ্রামের খাদেম হোসেনের ছেলে রনজু মিয়া (২৮)।

এর আগে সোমবার বিকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের বোর্ডের ঘর এলাকায় জুয়ার আসর থেকে তাদের আটক করে পুলিশ।

পলাশবাড়ী থানার সহকারী পরিদর্শক হাবিবুল বাহার জানান, উপজেলার মহদীপুর ইউনিয়নের বোর্ডের ঘর এলাকায় মেলা থেকে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে।

পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

কেএইচ