ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শাহজালাল হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর রবিবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৮ মার্চ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাটিরচর নওপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহজালাল খুন হন। ওই ঘটনায় নিহতের স্ত্রী নূরজাহান বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।
মামলা চলাকালে দুই আসামির মৃত্যু ঘটে। দীর্ঘ শুনানি শেষে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর ২৩ আসামির মধ্যে আক্রাম হোসেন, গিয়াসউদ্দিন, এমদাদুল, এরশাদুল, সাইদুল, বাচ্চু মিয়া, ইদ্রিস আলী, জুয়েল ও হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজার ওই আদেশ দেন।
আসামিদের মধ্যে গিয়াসউদ্দিন, এমদাদুল, এরশাদুল ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।
এআই





