বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে ঘুরতে এসে আটকে পড়া তিন শতাধিক পর্যটক অবশেষে ফিরছেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে পর্যটকদের নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন। বেলা ১১টায় ৮০ জনের যাত্রীবাহী দুইটি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়।
সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, আবহাওয়া কিছুটা ভালো থাকায় মঙ্গলবার সকাল থেকে দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। এর আগে নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে আটকে পড়েন তারা। তবে পর্যটকরা যাতে ঠিকমতো টেকনাফ পৌঁছান, সে ব্যাপারে খোঁজ-খবর রাখা হচ্ছে।
সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, মঙ্গলবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১৪টি ট্রলারে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন। তার মধ্যে ৩০০ জন পর্যটক। তারা বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে দুই দিন আটকা পড়েছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধরী জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে ভ্রমণে এসে আটকে পড়া পর্যটকরা ফিরছেন। তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।
এমবি





