বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আসছেন। বেলা ২টায় শহরের স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।

এদিকে সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। অপেক্ষার প্রহর গুণছেন তারা। জেলার বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, বাস, মিনিবাস, সিএসজি চালিত অটোরিকশা এবং পায়ে হেটে সমাবেশকে সফল করার জন্য নেতাকর্মীরা আসছেন।

আগতদের হাতে রয়েছে বিভিন্ন মাপের এবং বাহারি ডিজাইনের ব্যানার ফেস্টুন। তারা মিছিলের সঙ্গে সমাবেশে প্রবেশ করছেন। জেলার আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, বিজয়নগর, কসবা, আখাউড়া থেকে প্রায় দুই শতাধিক বাসে করে আসছেন নেতাকর্মীরা।

অন্যদিকে নবীনগর ও বাঞ্ছারামপুর নদীপথ হওয়ায় সেখান থেকে নৌকা ও লঞ্চ দিয়ে নেতাকর্মীরা আসছেন।

দলীয় সূত্র জানায়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, অবাধ নিরপেক্ষ ও সুষ্টু জাতীয় নির্বাচন আদায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নেতৃত্বে দেশব্যাপী যে নিরন্তর আন্দোলন ও চলমান সংগ্রামকে আরও বেগবান করতেই ব্রাহ্মণবাড়িয়ার এই জনসভা।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় দুই লাখ লোকের সমাবেশ হবে এটি। শহরের কুমারশীল মোড় থেকে কাউতলী এলাকা পর্যন্ত তাদের সমাবেশস্থল ধরে ব্যবস্থা নেয়া হয়েছে।

এব্যাপারে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো. জহিরুল হক খোকন জানিয়েছেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সমাবেশ হবে ব্রাহ্মণবাড়িয়ায় স্বরণকালের সবচেয়ে বড় সমাবেশ।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর